বিলাসী
শরৎচন্দ্র চট্টোপধ্যায়
এক নজরে বিলাসী গল্পের মূলকথা
বিলাসী’ গল্পে বর্ণিত হয়েছে দুই ব্যতিক্রমধর্মী মানব-মানবীর প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে চিত্রিত হয়েছে অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অনুদার মনোবৃত্তি, পরনিন্দা, বৈষম্যমূলক আচার-আচরণ, দুর্বলের প্রতি সবলের নির্যাতন অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের বীভৎস রূপ। বিলাসী গল্পে এসব বিষয় চমৎকারভাবে জীবন্ত হয়ে ফুটে উঠছে।
বিলাসী গল্পের ঘটনা আবর্তিত হয়েছে প্রধান নারী চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী এবং কেন্দ্রীয় পুরষ চরিত্র উদার, নির্ভীক, দৃঢ়চেতা, ধৈর্যশীল ও প্রণয়নিষ্ঠ মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে। মৃত্যুঞ্জয় একবার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করে মালোপাড়ার সাপুড়েকন্যা বিলাসী। সেবাব্রতী বিলাসী শরৎচন্দ্রের উজ্জ্বল নায়িকাদের মতোই এক প্রেমময়ী নারী। অসীম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে বিলাসী তার সেবা-যত্ন দিয়ে মৃত্যুঞ্জয়কে সারিয়ে তোলে।
মৃত্যুঞ্জয় সেরে ওঠে ঠিকই, কিন্তু সমাজ তাকে অন্নপাপের অপবাদে অভিযুক্ত করে। কারণ সে নিচু জাতের মেয়ে বিলাসীর হাতে ভাত খেয়েছে। উচ্চ বর্ণীয় হিন্দু সমাজের চোখে এটি যে এক মহাপাপ! এই অভিযোগকে পাত্তা না দিয়ে মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে এবং জাত-কুলের মূলে কুঠারাঘাত করে পৈতৃক ভিটা ছেড়ে মালোপাড়ায় নতুন বসতি গড়ে সে সাপুড়ে পেশাকেই জীবিকা হিসেবে গ্রহণ করে। কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে এই পেশা ত্যাগ করার জন্য বারবার অনুরোধ জানায়।
শেষ পর্যন্ত একদিন সাপের দংশনেই মৃত্যুর কোলে ঢলে পড়ল মৃত্যুঞ্জয়। দৈহিকভাবে তার মৃত্যু হলেও প্রেমের মধ্য দিয়ে সে মৃত্যুকে জয় করেছে এবং প্রেমকে দিয়েছে মহিমার গৌরব। অন্যদিকে বিলাসী স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে সপ্তাহান্তেই বিষপানে আত্মহত্যা করে। মৃত্যুঞ্জয় ও বিলাসীর পরস্পরের প্রতি নিখাদ ভালোবাসাই গল্পের মূলবিষয়। কুসংস্কারাচ্ছন্ন প্রেমহীন অমানবিক নিষ্ঠুর সমাজেও মৃত্যুঞ্জয় ও বিলাসী তাদের একনিষ্ঠ প্রেমের বন্ধনে প্রেমকে করেছে মহিমান্বিত।
এক নজরে বিলাসী গল্পের লেখক-পরিচিতি
| নাম | শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। | |
| উপাধি | অপরাজেয় কথাশিল্পী। | |
| জন্ম পরিচয় | জন্ম তারিখ | ১৫ই সেপ্টেম্বর, ১৮৭৬ সাল। |
| জন্মস্থান | পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম। | |
| পিতৃ ও মাতৃ পরিচয় | পিতার নাম | মতিলাল চট্টোপাধ্যায়। |
| মাতার নাম | ভুবনমোহিনী দেবী। | |
| শিক্ষাজীবন | এফএ শ্রেণি পর্যন্ত (এইচএসসি) | |
| পেশা/কর্মজীবন | ১৯০৩ সালে রেঙ্গুনে (মিয়ানমার) অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরিতে যোগদান করেন। ১৯১৬ সালে কলকাতায় ফিরে এসে তিনি পুরোদমে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। পরে সাহিত্য রচনাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। | |
| সাহিত্যকর্ম | উপন্যাস | পল্লী-সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনাপাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, বিপ্রদাস ইত্যাদি। |
| পুরস্কার ও সম্মাননা | প্রথম মুদ্রিত রচনা ‘মন্দির’ (গল্প)-এর জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। তিনি ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন। তিনি ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সম্মানসূচক ‘ডিলিট’ ডিগ্রি লাভ করেন। | |
| জীবনাবসান | ১৬ই জানুয়ারি, ১৯৩৮ সাল, কলকাতা। | |
বিলাসী গল্পের উৎস পরিচিতি
অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ছোটোগল্প বিলাসী। গল্পটি প্রথম প্রকাশিত হয় ‘ভারতী’ পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রি.) বৈশাখ সংখ্যায়।
বিলাসী গল্পের নামকরণের সার্থকতা
বিলাসী গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র আবর্তিত হয়েছে প্রধান চরিত্র বিলাসীকে কেন্দ্র করে। বিলাসী মৃত্যুঞ্জয়কে ভালোবেসেছে, সেবা-শুশ্রুষা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। প্রতিদানে মৃত্যুঞ্জয়ও তাকে ভালোবেসে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্বার্থান্ধ-সংস্কারাচ্ছন্ন সমাজ তা মেনে নিতে পারেনি। পরিশেষে তাদের জীবনে নেমে এসেছে করুণ পরিণতি; মৃত্যুই সেই জীবননাট্যের শেষ দৃশ্য। মূলত বিলাসী এমনই একজন প্রেমময়ী নারী, যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে মৃত্যুকে; আর তার প্রেমের মহিমার আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা এবং সমাজজীবনের নিষ্ঠুরতম অশুভ চেহারা। গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু বিলাসী। তাই বলা যায়, গল্পটির নামকরণ বিলাসী অত্যন্ত যুক্তিযুক্ত, সার্থক ও শিল্পসম্মত হয়েছে।
বিলাসী গল্পের চরিত্র পরিচিতি
বিলাসী: বিলাসী হলো বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র। যার নামের সঙ্গে মিল রেখেই গল্পের নামকরণ করা হয়েছে। বিলাসী নিম্নবর্ণের সাপুড়ের কন্যা। তারপরও সে সেবার দ্বারা উচ্চ বংশীয় মৃত্যুঞ্জয়ের মন জয় করেছিল। বিলাসীর মধ্যে একাধারে সেবাব্রত, কর্মনিপুণতা, প্রেমময়তা, ত্যাগ, বুদ্ধিমত্তা, সততার মিশেল ঘটেছিল। সে সমাজের নানা বাধা উপেক্ষা করে মৃত্যুঞ্জয়ের সেবা করে গেছে। যার ফলস্বরূপ মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে। সমাজ যখন এ বিষয়টি মেনে না নেয় তখন মৃতুঞ্জয় বিলাসীকে নিয়ে সমাজের বাইরে গিয়ে আলাদা ‘ঘর বাঁধে। সেখানেও বিলাসীর কপালে ভালোবাসার সুখ সহ্য হয় না। সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। বিলাসীও বিষপানে আত্মহত্যা করে। মূলত গল্পে বিলাসী সমাজের নিষ্ঠুরতা ও অনুদারতার শিকার।
মৃত্যুঞ্জয় : মৃত্যুঞ্জয় বিলাসী গল্পের অন্যতম প্রধান চরিত্র। মৃত্যুঞ্জয় সরল মনের অধিকারী। গ্রামের কারও কোনো সাহায্য প্রয়োজন হলে সে এগিয়ে আসে। বিলাসীর সেবায় সে সুস্থ হয়ে তার প্রতি আকৃষ্ট হয় এবং নিচু বর্ণের মেয়ে হওয়া সত্ত্বেও তাকে বিয়ে করে উদারতার পরিচয় দেয়। মৃত্যুঞ্জয়ের মধ্যে প্রেমিকসত্তাও প্রবল। সে ভালোবাসার মানুষের সঙ্গে ঘর করার জন্য সমাজ ত্যাগ করতেও দ্বিধাবোধ করেনি। মূলত বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সরল, উদার, প্রেমিকমনা ও প্রথাবিরোধী চরিত্র।
আরও পড়ুন: অপরিচিতা গল্পের গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
খুড়া: বিলাসী গল্পের অন্যতম একটি চরিত্র হলেন খুড়া। তিনি মৃত্যুঞ্জয়ের সম্পদ আত্মসাৎ করার জন্য নানা প্রকার কূটকৌশল রচনা করেন। বিশেষ করে মৃত্যুঞ্জয়ের বিলাসীকে বিয়ে করার কারণে জাতের দোহাই দিয়ে তাকে সমাজচ্যুত করার কৌশল তারই। মূলত খুড়া বিলাসী গল্পে একজন লোভী ও অসৎ চরিত্র।
ন্যাড়া: বিলাসী গল্পের কথক ন্যাড়া। তার জবানিতেই তৎকালীন হিন্দু সমাজের ঘৃণ্য জাতভেদ প্রথা উঠে এসেছে। তার মধ্যে মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রতি সহানুভূতি ফুটে উঠেছে।
বিলাসীর বাবা: গল্পে বিলাসীর বাবার প্রত্যক্ষ উপস্থিতি না থাকলেও পরোক্ষভাবে তার উপস্থিতি বোঝা যায়। সে একজন মানবিক ও উদার চরিত্রের প্রতীক। মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়লে সে লোকনিন্দার পরোয়া না করে তার কন্যাকে মৃত্যুঞ্জয়ের সেবা করার অনুমতি দেয়।
বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ
জাতভেদ প্রথা: বিলাসী গল্পে তৎকালীন হিন্দু সমাজের জাতভেদ প্রথা ফুটে উঠেছে। সমাজে প্রচলিত প্রথার কাছে কীভাবে মানবিকতার পরাজয় ঘটে তারই কথকতা এই গল্প।
বিলাসী গল্পের চৌম্বক তথ্য
♦বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালে পশ্চিমঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
♦চব্বিশ বছর বয়সে শরৎচন্দ্র সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন।
♦শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম ‘মন্দির’।
♦বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ‘ভারতী’ পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রি.) বৈশাখ সংখ্যায়।
♦বিলাসী গল্পটি ন্যাড়া নামের এক যুবকের জবানিতে বিবৃত’ হয়েছে। এখানে লেখকের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে।
♦বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা।
♦বিলাসী গল্পের বিলাসী কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী।
♦গল্পের নায়ক মৃত্যুঞ্জয় ছিল থার্ড ক্লাসের ছাত্র।
♦মৃত্যুঞ্জয় অসুখে পড়লে মালোপাড়ার সাপুড়েকন্যা বিলাসী তাকে সেবা-শুশ্রুষা দিয়ে সুস্থ করে তোলে।
♦বিলাসী গল্পের ন্যাড়া মশার কামড় সহ্য করতে না পেরে সন্ন্যাসীগিরিতে ইস্তফা দিয়ে ঘরে ফেরে।
♦মৃত্যুঞ্জয় জাত-ধর্মের ভেদাভেদ অগ্রাহ্য করে বিলাসীকে বিয়ে করে প্রেম ও মানবধর্ম প্রতিষ্ঠা করে।
♦মৃত্যুঞ্জয় সাপ ধরাকে পেশা হিসেবে গ্রহণ করে পুরোপুরি সাপুড়ে হয়ে যায়।
♦ন্যাড়া মৃত্যুঞ্জয়ের শিষ্যত্ব গ্রহণ করে।
♦মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় সাপের কামড়ে এবং সেই শোকে বিলাসীও আত্মহত্যা করে প্রেমের জয় ঘোষণা করে।
♦বিলাসীর মৃত্যুর মধ্য দিয়ে তৎকালীন সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা এবং জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ফুটে উঠেছে।
বিলাসী গল্পের কঠিন অংশের ব্যাখ্যা
১. মা–সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া | কোথায় যে তিনি লুকাইবেন, ভাবিয়া পান না।
শৈশবে গল্পকথক ও তার বন্ধুরা প্রায় দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যেতেন। এই পথে তাদের বিভিন্ন কষ্ট স্বীকার করতে হতো। বর্ষাকালে রাস্তার কাদামাটি আর গ্রীষ্মকালে ধুলোমাটি পাড়ি দেওয়া ভিন্ন স্কুলে যাওয়ার অন্য কোনো উপায় ছিল না। হিন্দু পুরাণ অনুযায়ী বিদ্যা ও কলার দেবী হলেন সরস্বতী। বিদ্যা অর্জনে বালকদের কষ্ট দেখে দেবীও লজ্জা পেয়ে যান-এমনটিই মনে করেছেন গল্পকথক।
২. গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।
মৃত্যুঞ্জয় ছিল সরল মনের অধিকারী। সে মানুষের দুঃখকষ্টের কথা শুনে সহমর্মী হতো। কেউ তার কাছে কোনো সাহায্য চেয়ে ফিরে আসে না। স্কুলের বন্ধুদের দোকানের খাবার কিনে খাওয়ানো, বন্ধুদের বিপদে টাকাপয়সা দিয়ে সাহায্য করাও তার অন্যতম গুণ ছিল। মৃত্যুঞ্জয়ের এই সরলতার সুযোগ নিত স্কুলের ছাত্রদের বাবারাও। তারা স্কুলের বেতন হারিয়ে গেছে, বই চুরি হয়ে গিয়েছে প্রভৃতি কথা বলে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা নিত। কিন্তু টাকার কথা পরে কেউ স্বীকার পর্যন্ত করত না। এমনকি তার সঙ্গে কোনোদিন কথা হয়েছে এ বিষয়টিও তারা স্বীকার করতে চাইত না। সমাজে মৃত্যুঞ্জয়ের এমন অবস্থান বোঝাতে ব্যঙ্গ করে বলা হয়েছে, ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।’
৩. ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো।
মৃত্যুঞ্জয় অসুস্থ হলে মালোপাড়ার বুড়ো মালোর চিকিৎসা এবং তার মেয়ে বিলাসীর সেবায় সুস্থ হয়ে ওঠে সে। কিন্তু মৃত্যুঞ্জয়ের সেবা করতে রাতদিন অক্লান্ত পরিশ্রমের প্রভাব বিলাসীর চেহারায়ও পড়েছিল। ফলে তাকে দেখে সহজেই বোঝা যায় কী ধকল গেছে তার উপর। অতি পরিশ্রমের ফল হিসেবে বিলাসী হয়ে পড়েছে অস্থিচর্মসার। ফুলকে ফুলদানিতে পানি দিয়ে ভিজিয়ে রাখলে যেমন কিছুদিন পর তা নিষ্প্রাণ হয়ে যায়, বিলাসীর অবস্থাও অনেকটা তার মতোই হয়ে পড়ে।
৪. অন্নপাপ। বাপ রে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে।
হিন্দু ধর্মমতে অন্নপাপ অত্যন্ত গর্হিত কাজ। নিম্নবর্ণের বিলাসীর হাতে ভাত খেয়ে মৃত্যুঞ্জয় এই পাপ করেছিল। ফলে সাপের কামড়ে অপমৃত্যু হলে গ্রামের অনেকে বলাবলি করতে লাগল, অন্নপাপের ফলেই মৃত্যুঞ্জয়ের অপমৃত্যু হয়েছে। এই পাপের কারণেই সে মরার পর মুখাগ্নিটুকুও পায়নি। কেননা, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই।
৫. কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নহে।
মৃত্যুঞ্জয় অসুস্থ হলে বিলাসী তার সেবা করে তাকে সুস্থ করে তোলে। তিলে তিলে সেবার মাধ্যমে মৃত্যুর দুয়ার থেকে সে. মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে আনে। আর বিলাসীর এই সেবা মৃত্যুঞ্জয়ের মন জয় করার পাথেয় হয়েছিল। ফলে মৃত্যুঞ্জয় নিজের জাত বিসর্জন দিয়ে বিলাসীকে বিয়ে করেছিল। মৃত্যুঞ্জয় তুচ্ছ হতে পারে, কিন্তু তিল তিল করে তার হৃদয় জয় করার বিষয়টি যে তুচ্ছ নয় তা-ই বোঝাতে চেয়েছেন গল্পকথক।
৬. টিকিয়া থাকাই চরম সার্থকতা নয় এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।
হিন্দু সমাজে রক্ষণশীল সমাজপতিদের ধারণা এ সমাজ যে শতাব্দীর পর শতাব্দী বহু প্রতিকূলতার মাঝেও টিকে আছে তা কেবল প্রচলিত রীতি-নীতির জোরেই। কিন্তু বিলাসী গল্পের লেখক বলতে চান, বহু কাল ধরে টিকে থাকতেই সার্থকতা অর্জিত হয় না। বহু শতাব্দী ধরে টিকে থাকলেও হিন্দু সমাজ যে এখনো অনগ্রসর ও কুসংস্কারাচ্ছন্ন সেটি বিলাসী গল্পে স্পষ্ট হয়ে উঠেছে। অতিকায় হাতি বর্তমানের হাতির চেয়ে অনেক বড়ো ছিল। কিন্তু তা প্রাগৈতিহাসিক যুগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। বর্তমানে তাদের ইতিহাসই কেবল অবশিষ্ট আছে। অন্যদিকে, তেলাপোকা প্রাচীনকাল থেকেই পৃথিবীতে টিকে আছে। কিন্তু এই টিকে থাকা গৌরবের নয়।
৭. কিন্তু শহরের সুখ-সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না।
আধুনিক সুযোগ-সুবিধা, নাগরিক রুচি ও চিন্তা-চেতনার উৎকর্ষের পরিবেশ ছেড়ে শহরবাসী লোকজন পাড়াগাঁয়ে গিয়ে থাকতে চায় না। কারণ গ্রামের কাদা-জল, ধুলো-বালি, নানা কুসংস্কার ও স্বার্থপর মানসিকতা এখন তাদের পছন্দ নয়। কিন্তু শিক্ষিত ও রুচিশীল শহুরে মানুষ গ্রামের সংস্পর্শে এলে গ্রাম এলাকা উন্নত হতো অনায়াসেই। গ্রাম থেকে শহরবাসী হওয়া মানুষের গ্রামের প্রতি উপেক্ষা ও অবহেলার কথাই আক্ষেপ আকারে প্রতিফলিত হয়েছে এই অংশে।
৮. অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা-আদালতে নালিশ করিয়া নয়- ওপরের আদালতের হুকুমে।
লোভ ও স্বার্থপরতা মানুষকে বিবেকহীন করে দেয়। মানুষ তখন যা ইচ্ছে তাই করে বেড়ায়। এমনকি সম্পত্তি দখলের লোভে আদালতে নালিশ করার মিথ্যা হুমকি দেয়। এরকম ন্যক্কারজনক ও জবরদস্তিমূলক কাজ করেছেন আলোচ্য গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া। মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে প্রতিদিন নানা ধরনের দুর্নাম রটানোই ছিল তার কাজ। তিনি বলে বেড়ান যে ওই বাগানের অর্ধেকটা তার। কিন্তু মৃত্যুঞ্জয়ের ঘোর অসুস্থতার সময় তার টিকিটিরও খোঁজ পাওয়া যায়নি। মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে তিনি এই বিশাল বাগানবাড়ির দখল নিতে পারেননি। ওপরের আদালতের হুকুমে অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর খুড়া তার অন্যায় ইচ্ছা পূরণ করতে পেরেছিলেন। আলোচ্য কথাটির মধ্য দিয়ে খুড়ার প্রতি লেখকের শ্লেষ ও ঘৃণার প্রকাশ ঘটেছে।
আরও দেখুন: সাহিত্যে খেলা প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যকণিকা
৯.তাহার বয়স আঠারো কি আটাশ ঠাহর করিতে পারিলাম না।
দুশ্চিন্তা, নির্ঘুম রাত কাটানো, অবিরাম কাজ করা, মৃত্যুঞ্জয়ের সেবা-যত্ন করা- একনাগাড়ে দীর্ঘদিন এভাবে চলার কারণে বিলাসীর চোখ-মুখ ও অবয়বে ক্লান্তির ছাপ পড়ে। তার শরীর শুকিয়ে যায়, চেহারা দেখে বয়সি ও বিধ্বস্ত মনে হয়। ন্যাড়া এক সন্ধ্যার অন্ধকারে লুকিয়ে অসুস্থ বন্ধু মৃত্যুঞ্জয়কে দেখতে এসে সাপুড়েকন্যা বিলাসীকে দেখে তার বয়স বুঝতে পারেনি। ন্যাড়ার মনে হয়েছিল তার বয়স আটাশ। মৃত্যুঞ্জয়ের কঙ্কালসার দেহের দিকে তাকিয়ে তার মনে হয়েছিল যমরাজ শেষ পর্যন্ত সুবিধা করে উঠতে পারেননি কেবল ওই মেয়েটির সেবা-শুশ্রুষার জন্যে। খেটে খেটে আর রাত জেগে জেগে তার শরীরে আর কিছুই নেই। বাস্তবতার মুখোমুখি হয়ে বিলাসীর জন্য সহানুভূতি আর সহমর্মিতা ঝরে পড়েছে ন্যাড়ার কণ্ঠে।
১০. আমরা বলি যাহারই গায়ে জোর নাই, তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়।
আর্থিক ও শারীরিকভাবে বলহীন এমন মানুষকেই আমরা দুর্বল বলি। যুগ যুগ ধরে সবল ও প্রভাবশালীরা দুর্বলদের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছে। সমাজের নারীরাও দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত। তারাও পুরুষের হাতে নির্যাতিত ও নিষ্পেষিত। ইংল্যান্ডে একটি কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল ও নিরুপায় বলে তাদের গায়ে হাত তুলতে নেই। কিন্তু আমাদের দেশে ঘটে এর উলটাটা, যেন সব দোষ নারীর। বিলাসীর সেবা-যত্নে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মৃত্যুঞ্জয় নিজে অগ্রণী হয়ে তাকে বিয়ে করে। কিন্তু স্বার্থপর খুড়া গ্রাম্য কুসংস্কারের দোহাই দিয়ে দশ-বারোজনকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েন বিলাসীর ওপর। তাকে টেনেহিঁচড়ে গ্রামের বাইরে রেখে আসেন। বিলাসী প্রতিবাদ করে এবং কান্নাকাটি করেও তাদের রুখতে পারেনি। কারণ সে সব দিক থেকেই ছিল দুর্বল, তাই তার গায়ে হাত তোলাটা ছিল খুব সহজ। অথচ এটি ছিল অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা।
১১.ভাত খাওয়া যে অন্ন–পাপ। সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না।
‘অন্নপাপ’ বলে কোনো পাপ নেই। এটি একটি কুসংস্কার। স্বার্থপর সমাজপতিরা প্রভাব-প্রতিপত্তি বজায় রাখার জন্য শাস্ত্রের দোহাই দিয়ে নিজেদের সুবিধামতো নিয়ম করে নিয়েছে। নিচু জাতের মানুষের হাতে ভাত খাওয়া যে অন্নপাপ- একথা মেনে নিয়েছে সমাজের নিরক্ষর, অসচেতন ও দুর্বল মানুষ। এটিও শোষণের একটি প্রক্রিয়া। বিলাসীর হাতে ভাত খেয়ে কোনো অন্যায় করেনি- এটি মৃত্যুঞ্জয় মানে। সে জানে, সমাজের ধুরন্ধর মানুষ কেবল নিতে জানে, দুঃসময়ে এগিয়ে আসে না। লুচি, সন্দেশ, পাঁঠার মাংস যার হাতে খাওয়া যায়, তার হাতে ভাত খাওয়া যাবে না কেন? এ প্রশ্নের উত্তর সমাজপতিদের কাছে নেই। অথচ মৃত্যুঞ্জয়ের খুড়ার মতো লোভী সমাজপতিরা ‘ভাত খাওয়া অন্নপাপ’ এই ছুতোয় মৃত্যুঞ্জয় ও বিলাসীকে গ্রামছাড়া করেছে। কারণ অন্নপাপ তো সত্য সত্যই মাফ করা যায় না।
১২. আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই।
মানুষের চাহিদা সীমিত হলে, অতিরিক্ত চাহিদার আকাঙ্ক্ষা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হতো অনায়াসেই। কিন্তু প্রকৃত সত্য এই যে, অধিকাংশ মানুষের অভাব আর চাহিদার শেষ নেই। কিছু সংখ্যক মানুষ নিজেদের সীমিত চাহিদার মধ্যে সন্তুষ্ট থাকে। এই সন্তুষ্টিটাই বড়ো কথা। কারণ অর্থ-সম্পদের ‘লোভ বেশি হলে সন্তুষ্টি থাকে না। বিলাসীর মধ্যে সন্তুষ্টি ছিল। কিন্তু মৃতুঞ্জয়ের সন্তুষ্টি ছিল না। সাপুড়েরা কীভাবে মানুষকে ঠকিয়ে শিকড় বিক্রি করে, সাপের মুখে গরম লোহার শিকের ছ্যাঁকা দিয়ে খেলা দেখায়- এটি দুজনেই জানত এবং এর পরিণতিও জানত। বস্তুত তাদের তো খাওয়ার ভাবনা বা কিছুর অভাব ছিল না। তাই মৃত্যুঞ্জয়ের প্রতি বিলাসীর অনুরোধ ছিল- ‘আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই।’
১৩. সাপ একটা নয় একজোড়া তো আছে বটেই হয়ত বা বেশি থাকিতে পারে।
অভিজ্ঞতার মূল্য সব সময়ই থাকে। তার সঙ্গে যদি থাকে সতর্ক দৃষ্টি ও সচেতনতা তাহলে সবকিছু বাস্তবতার নিরিখে বিবেচনা করা যায়। বিলাসী ছিল ওস্তাদ সাপুড়ের মেয়ে। বাবার সঙ্গে সঙ্গে থেকে সে নানা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিল। তাই মৃত্যুঞ্জয় ও ন্যাড়া কোথাও সাপ ধরতে গেলে সেও সঙ্গে যেত। একবার ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়ে মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়তেই একটি গর্তের চিহ্ন পাওয়া যায়। কিন্তু কেউ লক্ষ না করলেও বিলাসী হেঁট হয়ে কয়েক টুকরা কাগজ দেখে তা হাতে তুলে নিয়ে পরীক্ষা করে সতর্ক করে দেয়- “সাপ একটা নয় একজোড়া তো বটেই হয়ত বা বেশি থাকিতে পারে।”
১৪. তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি।
ভালোবাসার জন্য জীবন দান করার মধ্যে আলাদা মর্যাদা ও তাৎপর্য আছে। জীবন উৎসর্গ করতে নরক বা স্বর্গে যাওয়ার বিষয়টি মোটেই গুরুত্বপূর্ণ নয়। সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যুটা বিলাসীর কাছে আকস্মিক ও বেদনাদায়ক। কেননা দুজন দুজনকে গভীরভাবে ভালোবেসে বিয়ে করেছিল। বাড়ি ও বাগান ছেড়ে জঙ্গলে এসে সুখের সংসার পেতেছিল। সেই গভীর সব স্মৃতিই তাকে মৃত্যুঞ্জয়ের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করেছিল। গ্রামের স্বার্থপর ও কুসংস্কারাচ্ছন্ন লোকেরা যতই এটিকে অন্নপাপের ফল বলুক ন্যাড়া জানে তা মিথ্যা। আর সত্য হলো মৃত্যুঞ্জয়কে ছাড়া বিলাসী মূল্যহীন। এ মূল্যহীন জীবন সে ভালোবাসার জন্যই উৎসর্গ করেছে। তাই এরকম একটা নরকে যাওয়ার সুযোগ পেলে ন্যাড়াও পিছু হটবে না, বরং নিজেকে ধন্য মনে করবে।